
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় শিশুদের ঝগড়া থামাতে গিয়ে হুজুরা বেগম নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নকলা পৌরসভার কায়দা বেগুনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হুজুরা বেগম ওই গ্রামের মাইন উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন- কামরুল হাসান, হাসু মিয়া, সোবহান মিয়া ও মাইন উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে প্রতিবেশি দুই শিশুর খেলাধুলা নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে তাদের পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ শুরু হয়। এ সময় ঝগড়া থামাতে এগিয়ে গেলে ধান শুকানোর কাজে ব্যবহৃত পাটনার আঘাতে লাগে হুজুরা বেগমের মাথায়। পরে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ জানান, শিশুদের ঝগড়া থামাতে গিয়ে হুজুরা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।