
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ আইবাস++ (iBAS++)-এর মাধ্যমে প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ, স্থানীয় সরকারের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষকদের অবদানের কথা তুলে ধরেন। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান। একই সঙ্গে আইবাস++ পদ্ধতির মাধ্যমে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়ার প্রত্যয়ের কথা বলেন।
ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
এ সময় প্রধানমন্ত্রী শেরপুরের কামারেরচরের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমানের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাঁর অনুভূতি জানতে চাইলে মোখলেছুর রহমান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমানের হাতে কল্যাণ সুবিধার অর্থের চেক তুলে দেন।
অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা সরকারের এ উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের প্রত্যাশা, আইবাস++ পদ্ধতিতে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।