
শ্রীবরদী, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীবরদী সরকারি কলেজ হলরুমে কলেজ ছাত্রদল শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
ছাত্রদল শ্রীবরদী সরকারি কলেজ শাখার সভাপতি মোয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনিক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীবরদী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা ফজলুল হক চৌধুরী অকুল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম রাজন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।
এ সময় ছাত্রদল নেতা মিল্লাত আকন্দ, বাপ্পি, স্বাধীন, মুসলিমসহ ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।