
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় গত তিন মাসে অভিযান চালিয়ে ৫৭ কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১০ হাজারের বেশি ভারতীয় মদ এবং ২ হাজার ২৬০টি গরু-মহিষ জব্দ করা হয়েছে। এ সময় আটজনকে আটক করা হয়।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, চোরাচালানের রুট পরিবর্তনের পাশাপাশি সীমান্ত এলাকায় ‘মব’ বা সংঘবদ্ধভাবে বাধা সৃষ্টি করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি অবৈধভাবে পাথর উত্তোলনকারী একটি ট্রাক আটক করার পর একদল লোক সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালিয়ে ট্রাকটি ছিনিয়ে নেয়। পরে তারা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে সমস্যার সৃষ্টি করে।
লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, মব সৃষ্টি করে অবৈধ পণ্য ও কর্মকাণ্ডকে বৈধ করার চেষ্টা করা হচ্ছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমন হামলার শিকার হচ্ছেন, তেমনি সাধারণ মানুষও দুর্ভোগে পড়ছেন। এ ধরনের মব ঠেকানো এখন বড় চ্যালেঞ্জ।
বিজিবি আরও জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার (১৫ আগস্ট) ও রোববার (১৬ আগস্ট) সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় জিরা, চা-পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ ও বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক জব্দমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
তবে জব্দ করা এসব পণ্য পরিত্যক্ত অবস্থায় পাওয়ায় অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হবে। জব্দ করা চোরাচালানের পণ্য সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।