
নকলা (শেরপুর) : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শেরপুরের নকলার তিন বিএনপি নেতার সাজা বাতিল ও ন্যায় বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনেরা।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মনসুর আলী।
লিখিত বক্তব্যে মনসুর আলী অভিযোগ করে বলেন, ২০১৭ সালে রাজনৈতিক উদ্দেশ্যে ও চাপের মুখে ৬০ জন আলবদর-রাজাকারের একটি তালিকায় বিএনপি নেতা সাবেক পৌর মেয়র চন্দ্রকোনা কলেজের প্রভাষক মোখলেছুর রহমান তারা, অ্যাডভোকেট একেএম আকরাম হোসেন এবং হাজি জাল মামুদ কলেজের প্রভাষক এসএম আনিসুজ্জামান ফারুকের নাম অন্তর্ভুক্ত করা হয়। মুক্তিযুদ্ধের সময় অভিযুক্ত এই নেতাদের বয়স কম ছিল এবং ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা ছিল না।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কেবল রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানাতেই তাদের এই মামলায় ফাঁসানো হয়। এসময় অবিলম্বে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে এই তিন নেতার মুক্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।