
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: নেত্রকোণা পৌরসভার চলমান ও প্রস্তাবিত উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় তিন মাস পর আবারও সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক, জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং নেত্রকোণা পৌরসভার প্রশাসক মুন মুন জাহান লিজা।
সভায় পৌরসভার চলমান উন্নয়নকাজের অগ্রগতি, বিভিন্ন সমস্যা এবং নাগরিক সেবার মান নিয়ে আলোচনা হয়। পৌর এলাকার সড়ক উন্নয়ন, ড্রেনেজ ও জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত দেওয়া হয়।
এ সময় সভায় নেওয়া সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
পাশাপাশি আগামী তিন মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ নিয়েছে এবং উন্নয়নকাজের কতটুকু অগ্রগতি হয়েছে, তা পর্যালোচনার জন্য পুনরায় মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত উদ্যোগে নেত্রকোণা পৌরসভাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব করে গড়ে তোলার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।