
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুর সদর হাসপাতালে দালালির অভিযোগে খালেকুজ্জামান সাকিব ওরফে পুতুল (২৭) নামের এক যুবককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক দিনের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে সদর হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত খালেকুজ্জামান সাকিব শহরের দুর্গানারায়ণপুর মহল্লার আব্দুল হান্নানের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শেরপুর সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্যের অভিযোগ ছিল। এতে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা ভোগান্তিতে পড়ছিলেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়।
অভিযান শুরু হলে কয়েকজন দালাল সেখান থেকে পালিয়ে যান। এ সময় খালেকুজ্জামান সাকিবকে আটক করা হয়। পরে দণ্ডবিধির ১৮৮ ধারায় তাঁকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে আরও এক দিনের কারাদণ্ড দেওয়া হয়।
সাজা দেওয়ার পর তাঁকে পুলিশ পাহারায় শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।