
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩: আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় টুর্নামেন্টের সার্বিক আয়োজন, অংশগ্রহণকারী দল, খেলার মাঠ, নিরাপত্তা ও শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়
সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকিব, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও অংশীজনেরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, এ আয়োজনের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে তরুণদের জন্য সুস্থ বিনোদনের সুযোগ তৈরি হবে।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।