
আসিফ আমানুল্লাহ,স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, শেরপুরের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশীদ পলাশ। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।
আলোচনা সভায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তাঁর জীবনাদর্শ শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাইমিনুল ইসলাম, জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, ইমাম-খতিব, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
শেষে মহানবী (সা.)-এর উম্মতের শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।