
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দিবসটি উপলক্ষে কলেজে জাতীয় পতাকা উত্তোলন, হামদ-নাত, স্বরচিত কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ইসলামী শিক্ষার বিভাগীয় প্রধান মো. জাহিদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিএম ইশারাত জাহান সরকার। প্রভাষক মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আবু সালেহ মো. জিল্লুর আহসান।
এ সময় বাংলা বিভাগের চেয়ারম্যান মফিজুল ইসলাম, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, অশান্ত বিশ্বে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) প্রণীত মদিনা সনদের গুরুত্ব অপরিসীম। তাঁরা আন্তধর্মীয় সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।