
নকলা (শেরপুর): শেরপুরের নকলায় মৃগী নদীতে ডুবতে থাকা এক কন্যাশিশুকে উদ্ধার করতে গিয়ে লামিয়া আক্তার (১৪) নামে অপর এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে উদ্ধার করতে গিয়ে ভাগ্যক্রমে বেঁচে গেছে নিহত কিশোরীর জমজ বোন সামিয়া আক্তার (১৪)।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার চরমধুয়া গ্রামের মৃগী নদীতে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। নিহত লামিয়া আক্তার ওই গ্রামের সেলিম রেজার কন্যা। সে চরমধুয়া বিদ্যানিকেতনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র জানায়, লামিয়া ও তার জমজ বোন সামিয়া বাডীর পাশের মৃগী নদীতে গোসল করছিল। এ সময় তারা সিজদা (৮) নামে অপর এক কন্যাশিশুকে নদীর পানিতে ডুবে যেতে দেখে। পরে তারা দুই বোন শিশুটিকে বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়ে আপ্রাণ চেষ্টা চালায়। একপর্যায়ে তারা সিজদাকে উদ্ধার করতে সক্ষম হলেও লামিয়া পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা অনেক চেষ্টা করে লামিয়াকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। ততক্ষণে লামিয়ার মৃত্যু হয়। তবে লামিয়ার জমজ বোন সামিয়া প্রাণে বেঁচে যায়। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।