
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।
শনিবার (২৯ আগস্ট) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)–এর সদস্যরা এসব অভিযান চালান।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ও ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।
জব্দ করা মদ আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে।