
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও মাদক প্রতিরোধে করণীয় নিয়ে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ ‘মহারশী’তে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, মাদকাসক্তির কারণে ব্যক্তি ও পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সমাজেও নানা ধরনের অপরাধ ও অস্থিরতা তৈরি হয়। তাই মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিশেষ করে কিশোর ও তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা। পাশাপাশি মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদারের আহ্বান জানানো হয়।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল আওয়াল, জামায়াত নেতা আব্দুল বাতেনসহ অনেকে বক্তব্য দেন।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, মসজিদের ইমাম, সমাজসেবী ও সুধীজন সভায় উপস্থিত ছিলেন।