
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে শেরপুরে ‘দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা’ শুরু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশীদ, স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সাইফুল ইসলাম কমলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতির সভাপতি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, জেলা আনসার কমান্ড্যান্ট, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সংস্কৃতিকর্মী, প্রতিযোগী ও অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে তুলে ধরে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
আয়োজকেরা জানান, নজরুলের সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।