1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে বলেন ‘সাংবাদিক’, ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লাখ টাকা দাবি

  • আপডেট টাইম :: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম: পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে ঘরে থাকা এক নারী ও তার দুই পুত্রবধূর ভিডিও ধারণ করেন তারা। ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির পাশাপাশি টাকা না দিলে পরিবারের সদস্যদের ক্ষতি ও হয়রানির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের হালিশহর থানার শ্যামলী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন বুধবার ভুক্তভোগী ৫৫ বছর বয়সী ওই নারী হালিশহর থানায় মামলা করেন। মামলায় সাখাওয়াত হোসেন (৪০), মো. মাইনউদ্দিন (৪৬), মো. জাহিদ (৩০), মো. মোস্তাফিজ (৩৬) ও বাবুল (৩৬)কে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাখাওয়াত হোসেন ও মো. মাইনউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারী তার দুই পুত্রবধূকে নিয়ে বাসায় ছিলেন। তার স্বামী ও দুই ছেলে কাজের কারণে বাইরে ছিলেন। এ সময় পাঁচ ব্যক্তি বাসায় ঢুকে নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। এরপর তারা বাসার বিভিন্ন কক্ষ তল্লাশি শুরু করেন।

বিষয়টি সন্দেহজনক মনে হলে ওই নারী ও তার দুই পুত্রবধূ তাদের পরিচয়পত্র দেখতে চান। তখন ওই ব্যক্তিরা নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তারা দাবি করেন, বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন তথ্য তারা পেয়েছেন।

একপর্যায়ে পাঁচ ব্যক্তি মুঠোফোনে ওই নারী ও তার দুই পুত্রবধূর ভিডিও ধারণ শুরু করেন। বাসাটি নিজের বলে ওই নারী জানালেও তারা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন, টাকা না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের ক্ষতি এবং বিভিন্নভাবে হয়রানি করার হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

জাহারে আরও বলা হয়েছে, টাকা না দেওয়ায় একপর্যায়ে আসামিরা বাসায় ভাঙচুর করেন। তাদের চিৎকার, চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে পরিচয় জানতে চান। এ সময় ওই ব্যক্তিরা প্রতিবেশীদের সঙ্গেও হুমকিমূলক আচরণ করেন।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচ ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ওয়াকিটকি ও মুঠোফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হালিশহর থানার ওসি জয়নাল আবেদিন মণ্ডল বলেন, অভিযুক্ত ব্যক্তিরা প্রথমে নিজেদের পুলিশ এবং পরে সাংবাদিক পরিচয় দিয়েছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ওয়াকিটকি ও মুঠোফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com