
শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। শনিবার রাতে শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজার এলাকায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন—সীমান্তবর্তী বালিজুরি গ্রামের লাল মিয়ার ছেলে সুজন (২২) ও হালুয়াহাটি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মানিক মিয়া (১৯)।
এদিকে একই রাতে উত্তর বাজার এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। তারা এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শ্রীবরদী থানার ওসি নুরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।