
নকলা, শেরপুর: শেরপুরের নকলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের হুজুরীকান্দা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হুজুরীকান্দা গ্রামের প্রতিবন্ধী সিফাতের দুচালা ঘরের বিদ্যুতের মিটার থেকে শর্ট সার্কিটের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে।
পরে আগুন পাশের আরিফুল ইসলামের হাফ বিল্ডিং ঘরেও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে শেরপুর সদর ও নালিতাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুইটি বসতঘরের আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শেরপুর সদর ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. নাসিম উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।