
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নেত্রকোনা জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, সাক্ষরতা শুধু পড়া ও লেখার দক্ষতা নয়; এটি সচেতনতা, ক্ষমতায়ন, আত্মনির্ভরতা ও টেকসই উন্নয়নের ভিত্তি।
সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ এবং প্রতিটি শিশুর মৌলিক শিখন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে হাওর ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, কোনো শিশু যেন শিখন থেকে বঞ্চিত না হয় এবং ঝরে না পড়ে—এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।