
নকলা, শেরপুর: শেরপুরের নকলা উপজেলায় সারের বাজার মনিটরিং করেছেন জেলা কৃষি বিভাগের উপপরিচালক (খামারবাড়ি) কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি সার ব্যবস্থাপনা ও কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন সার ডিলারের বিক্রয় কার্যক্রম ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং কৃষকদের যথাযথভাবে বিক্রয় রশিদ দেওয়ার বিষয়ে ডিলারদের নির্দেশনা দেন।
কৃষকদের উদ্দেশে উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন বলেন, চলতি মাসে নকলা উপজেলায় সারের বরাদ্দে কোনো ঘাটতি নেই। তাই সার নিয়ে কৃষকদের হতাশ বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সার ব্যবস্থাপনা সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার পাশাপাশি ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কোনো ডিলার সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি করতে পারবেন না। প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে কৃষকদের হাতে বিক্রয় রশিদ তুলে দিতে হবে।
এ সময় নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, কৃষকদের মাঝে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও ডিলারদের কার্যক্রম মনিটরিং করা হচ্ছে।