
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সাক্ষরতার গুরুত্ব, নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং সবার জন্য মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। নিরক্ষরতা দূর করার পাশাপাশি ঝরে পড়া রোধ এবং শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূলধারায় আনতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।