
নেত্রকোনা: নেত্রকোনার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া এলাকায় নিজ বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে। নিহত এলাহী মিয়া ওই এলাকার মৃত কুন্ডু মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক বিষয় নিয়ে এলাহী মিয়া ও তাঁর ছেলে ইয়াসিনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন দা দিয়ে তাঁর বাবাকে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাস্থলেই এলাহী মিয়ার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ইয়াসিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবনযাপন করছিলেন।
খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াসিনকে আটক করে। পরে এলাহী মিয়ার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া শুরু করে পুলিশ।ই-পেপার সাবস্ক্রাইব করুন
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা নিহত হওয়ার ঘটনায় ইয়াসিনকে আটক করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে।