
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাফার গোডাউন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। মঙ্গলবার (৮ আগস্ট) তিনি গোডাউনটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে গোডাউনে আগামী তিন মাসের চাহিদা মেটানোর মতো ইউরিয়া সার মজুত রয়েছে বলে দেখা যায়। এ সময় জেলা প্রশাসক গোডাউনে সংরক্ষিত সার ও অন্যান্য কৃষি উপকরণের মজুত, সংরক্ষণ ব্যবস্থা এবং ডিলারদের মধ্যে সার বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ ছাড়া স্টক রেজিস্টারের সঙ্গে বাস্তব মজুতের হিসাব মিলিয়ে দেখা হয়। কৃষকের প্রয়োজন অনুযায়ী সার ও কৃষি উপকরণের সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন জেলা প্রশাসক। একই সঙ্গে সার মজুত ও বিতরণে স্বচ্ছতা এবং নিয়মতান্ত্রিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বনানী দেবনাথ, ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন এবং বাফার গোডাউন ব্যবস্থাপক মোহাম্মদ আদিলুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।