
শ্রীবরদী, শেরপুর: শেরপুরের গারো পাহাড়ে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসন ও হাতি অধ্যুষিত এলাকা চিহ্নিত করে অভয়ারণ্য ঘোষণার লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে ময়মনসিংহ বন বিভাগের উদ্যোগে এবং মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসন প্রকল্পের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মো. নুরুল করিম। বক্তব্য দেন বন সংরক্ষক এএসএম জহির উদ্দিন আকন, ছানাউল্লাহ পাটোয়ারী, শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান, আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. আব্দুল মোতালেবসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বন্যপ্রাণী সংরক্ষণ, হাতিবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ও মানুষ-হাতি সংঘাত নিরসনে কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও এ বিষয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।
সেমিনারে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইআরটি সদস্য, গণমাধ্যমকর্মী ও বন বিভাগের উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পরে ইআরটি সদস্যদের মধ্যে প্রয়োজনীয় উপকরণ এবং বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।