
নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদসহ চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ জব্দ করা হয়।
গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম শিমুলতলা ও গড়কান্দা এলাকায় এ অভিযান চালানো হয়। পরে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত চারজনকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার পশ্চিম শিমুলতলা গ্রামের মৃত রজব আলীর ছেলে জসিম (৩০), জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ গ্রামের লাল মিয়ার স্ত্রী শামসুন্নাহার ইতি (৩২), জামালপুরের দিগপাইত এলাকার চাঁন মিয়ার ছেলে শামীম (৩০) এবং শ্রীবরদী উপজেলার হোসেনের ছেলে আব্দুস সামাদ (৩৩)।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম শিমুলতলা ও গড়কান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদসহ চারজনকে গ্রেফতার করা হয়। অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।