
আসিফ আমানুল্লাহ,স্টাফ রিপোর্টার: কৃষকদের জন্য সময়মতো ও নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুরের নকলায় বিভিন্ন সার ডিলারের কার্যক্রম ও বিএডিসির বাফার গোডাউন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। সোমবার (১৪ সেপ্টেম্বর) নকলা উপজেলায় সার ডিলারদের দোকান ও গুদাম সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
এ সময় ডিলারদের স্টক রেজিস্টার, সারের মজুত ও সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি হচ্ছে কি না, তা যাচাই করেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে বিক্রয় রশিদ থেকে কৃষকদের ফোন নম্বর সংগ্রহ করে তাদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক।
কৃষকেরা কী দামে সার কিনেছেন, তা ফোনে নিশ্চিত হন তিনি।
পরে তিনানী বাজারে বিএডিসির বাফার গোডাউন পরিদর্শন করে মজুত সারের খোঁজ নেন জেলা প্রশাসক। এ সময় কৃষকদের দোরগোড়ায় সঠিক সময়ে ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
জেলা প্রশাসক বলেন, কোনোভাবেই সারের কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। পাশাপাশি সার কিনতে গিয়ে কোনো কৃষক যেন হয়রানির শিকার না হন, সেদিকেও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন আ্যনি, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।