
স্টাফ রিপোর্টার: নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। জয়-পরাজয়ের হিসাবও শেষ। তবে নির্বাচনের ফলের পর থেমে যাননি শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি।
নির্বাচনের পরদিন থেকেই তিনি আবারও ঘুরছেন মানুষের কাছে। কখনো গণসংযোগ, কখনো সভা-সমাবেশ, আবার কখনো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাটছে তাঁর সময়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন গোলাম কিবরিয়া। নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।
তবে ফলাফল ঘোষণার পর রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নেননি। বরং নিয়মিতভাবে নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম ও হাটবাজারে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোলাম কিবরিয়ার গণসংযোগ এখনো অব্যাহত রয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দেখা করে তাদের কথা শুনছেন তিনি। অসহায় ও দরিদ্র মানুষের বিভিন্ন প্রয়োজনে ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে সহযোগিতার হাতও বাড়িয়ে দিচ্ছেন।
নকলা ও নালিতাবাড়ীর বিভিন্ন এলাকায় তার নিয়মিত উপস্থিতি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলেও আলোচনা রয়েছে।
দলীয় কর্মসূচির পাশাপাশি জনসভা ও গণসংযোগে অংশ নিচ্ছেন তিনি।
তার অনুসারীদের ভাষ্য, নির্বাচনে পরাজয়কে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে যাওয়ার কারণ হিসেবে দেখেননি।
গোলাম কিবরিয়ার ঘনিষ্ঠ কয়েকজনের ভাষ্য, নির্বাচনের সময় যেসব মানুষের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল, তাদের সঙ্গে সম্পর্ক ধরে রাখতেই তিনি নিয়মিত এলাকায় যাচ্ছেন। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।
শেরপুর-২ আসনের রাজনীতিতে গোলাম কিবরিয়ার দীর্ঘদিনের পরিচিতি রয়েছে। নির্বাচনে জয় না এলেও ভোটের মাঠে তার উল্লেখযোগ্য সমর্থন ছিল। এখন নির্বাচনের পরও মাঠে সক্রিয় থাকা এবং মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কারণে তার রাজনৈতিক তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে।
গোলাম কিবরিয়া ভিপি বাংলার কাগজকে বলেন, আমি জনগনের নেতা, আজীবন জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ।