
আসিফ আমানুল্লাহ,স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন ও প্লাস্টিক দূষণমুক্ত শেরপুর গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সংলগ্ন মাধবপুর এলাকায় পণ্ডিত এফ রহমান সড়কের দুই পাশে এ অভিযান চালানো হয়
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে সড়ক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে প্লাস্টিকের ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।
অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, স্থানীয় সাংবাদিক, বিডি ক্লিন, বাংলাদেশ স্কাউটসসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পাশাপাশি প্লাস্টিক দূষণ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।