
রুমা প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রুমা বাজার সংলগ্ন মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মাঠে উপজেলা রুমা উপজেলা বিএনপির উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য লুসাই মং, জসিম উদ্দিন তুষার, চনু মং, মাওসেতুং তঞ্চঙ্গ্যা ও উম্যাসিং মারমা। রুমা উপজেলা বিএনপির সভাপতি জিংসমলিয়ান বমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে জাবেদ রেজা বলেন, নতুন চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে। জনগণের প্রত্যাশা পূরণে পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে পার্বত্য জেলার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মাম্যাচিং বলেন, বান্দরবান পার্বত্য জেলার মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে জেলা পরিষদ কাজ করবে। প্রত্যন্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নসহ জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। জনগণের সঙ্গে সমন্বয় করে তাদের প্রয়োজন ও প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, বান্দরবানের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে সঙ্গে নিয়ে জেলার উন্নয়নে কাজ করতে হবে। এ জন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।
পরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়। রুমা যাওয়ার পথে রোয়াংছড়ি উপজেলার ৩ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওয়াগয় পাড়ায় কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ভবন এবং রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খামতাং পাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করা হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং আনুষ্ঠানিকভাবে ভবন দুটির উদ্বোধন করেন।