
শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে সার পাচারের সময় ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দুই খুচরা সার বিক্রেতাকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজার এলাকায় স্থানীয়রা সারভর্তি একটি ভটভটি আটক করে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব উল আহসান ও উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ ঘটনাস্থলে গিয়ে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেন।
পরে ক্যাশমেমো ছাড়া সার বিক্রির অভিযোগে মেসার্স সারোয়ার ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদকে ১০ হাজার টাকা জরিমানা ও ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। একই অভিযোগে মেসার্স হারুন অর রশিদ ট্রেডার্সের পরিচালক চঞ্চল হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা ও ১০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ জানান, ওই দুই খুচরা ডিলার রৌমারী উপজেলার কৃষকদের কাছে ক্যাশমেমো ছাড়া ইউরিয়া সার বিক্রি করেন। পরে ভটভটিতে করে সার নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা গাড়িটি আটক করে প্রশাসনকে খবর দেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব উল আহসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বিক্রেতাকে অর্থদণ্ড দেন।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।