
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজার থেকে অবৈধভাবে পাচারকালে ২৫ বস্তা ইউরিয়া সার ভর্তি একটি ভটভটি গাড়ি আটক করেছেন স্থানীয়রা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজার এলাকা থেকে এ সার আটক করা হয়। পরে রাতেই খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব উল আহসান ঘটনাস্থল থেকে ইউরিয়া সারের বস্তাগুলো জব্দ করেন।
পরে ক্যাশ মেমোবিহীন সার বিক্রির অভিযোগে ঝগড়ার চর বাজারের খুচরা সার বিক্রেতা মেসার্স সারোয়ার ট্রেডার্স এর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদকে ১০ হাজার টাকা জরিমানা ও মেসার্স হারুন অর রশিদ ট্রেডার্স এর পরিচালক চঞ্চল হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।