
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পাঁচ সদস্যের আংশিক জেলা কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে। রোববার বিকেলে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
শহরের নিউমার্কেটের পায়রা চত্বর থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এতে থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন। পরে জেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে নবগঠিত জেলা যুবদলের সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিল্টন ও সাংগঠনিক সম্পাদক হাশেম আহাম্মেদ সিদ্দিকীসহ নেতারা বক্তব্য দেন।
সমাবেশে সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বলেন, শেরপুর জেলা যুবদলকে একটি ‘মডেল যুবদল’ হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সংগঠনকে সুসংগঠিত রাখার অঙ্গীকার করেন তিনি।