
রংপুর: রংপুরের একটি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা এবং বিবস্ত্র করে ভিডিও ধারণের পর মায়ের কাছে পাঠিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সেনপাড়া থেকে সালমান (২০) ও কামারপাড়া থেকে স্বপ্ন (২১) নামের ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।
রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাজমুল কাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায, সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে গত ২ সেপ্টেম্বর একটি বাড়িতে নিয়ে ধর্ষণচেষ্টা করেন সালমান। এরপর তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণের পর তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবারও ধর্ষণচেষ্টা করা হয়। তাতেও ব্যর্থ হয়ে সালমান ওই কিশোরীর মায়ের ইনস্টাগ্রামে বিবস্ত্র ভিডিও পাঠিয়ে টাকা দাবি করেন।
ওসি নাজমুল কাদের বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা কোতোয়ালি থানায় মামলা করেছেন। এরইমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বিচারক তাদেরে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।