
শ্রীবরদী (শেরপুর): শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে চলমান সার পরিস্থিতি নিয়ে সার ডিলার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং কৃষি উপকরণের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দা জিনাদ রেহেনা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, উপজেলা সার ডিলার সমিতির সভাপতি এ কে এম রুহুল আমিন কালাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন দুলাল এবং ইখলাছুর রহমান লিটন।
সভায় বক্তারা বলেন, কোনো অবস্থাতেই যেন কৃষকরা সার ও বীজ সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি জোরদার করতে হবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি কিংবা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ডিলার বা বিক্রেতার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় সরকার অনুমোদিত সার ও বীজ ডিলারদের বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকি, স্টক রেজিস্টার হালনাগাদ রাখা এবং কৃষকদের কাছে রসিদের মাধ্যমে সার বিক্রি নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় জনপ্রতিনিধি, বিসিআইসি ও বিএডিসির সার ডিলার, খুচরা সার ও বীজ বিক্রেতা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।