
শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদী সীমান্তের বালিজুরি খ্রিস্টানপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) ৩৯ বিজিবির তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রনিশিমুল ইউনিয়নের খ্রিস্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ৯৬ বোতল মদ উদ্ধার করে।
বিজিবি জানায়, অভিযান চলাকালে তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ও চোরাকারবারি দলের সদস্যরা মদভর্তি কার্টন ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় কার্টনগুলো থেকে ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো. রবিউল ইসলাম মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শনিবার দুপুরে জানান, উদ্ধার করা মদগুলো পার্শ্ববর্তী ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছিল।
তিনি জানান, উদ্ধার করা ৯৬ বোতল ভারতীয় মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা। আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার করা মদের বোতলগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।