
আসিফ আমানুল্লাহ,স্টাফ রিপোর্টার: শেরপুরে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এ সভা হয়।
শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ও পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত।
সভায় পরোয়ানা জারি ও তামিল, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা কার্যকর, আদালতে সাক্ষীদের সময়মতো উপস্থিতি এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া তদন্ত ও অনুসন্ধানের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করা, দ্রুত ও স্পষ্ট মেডিকেল প্রতিবেদন দেওয়া, মালখানা থেকে সময়মতো আলামত আদালতে উপস্থাপন এবং কারাগারে থাকা বিচারাধীন আসামিদের নির্ধারিত সময়ে আদালতে হাজির করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আদালত প্রাঙ্গণ ও বিচারকদের নিরাপত্তা জোরদার এবং ফৌজদারি বিচারপ্রক্রিয়া দ্রুত ও কার্যকর করতে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর বিষয়ে সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের প্রতিনিধি, জেলা আদালতের পিপি, সিভিল সার্জনের প্রতিনিধি, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সিআইডি, পিবিআই ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।