
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে সৌরভ হোসেন হিদনাল (৪৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার বিকেলে উপজেলার হালগড়া গ্রামে নিজ বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন।
পারিবারিক সূত্র জানায়, শনিবার বিকেলে সিলিন্ডারের পাইপের লিকেজ মেরামত করে তা পরীক্ষা করতে গ্যাসের চুলা জ্বালান সৌরভ। এ সময় টিনশেড ঘরটি আগে থেকেই গ্যাসে পূর্ণ থাকায় হঠাৎ আগুন ধরে যায়। এতে সৌরভ গুরুতর দগ্ধ হন। প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় তার স্ত্রীও অগ্নিদগ্ধ হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের দাবি, সৌরভের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। সৌরভ হোসেন হিদনাল হালগড়া শিশু-কিশোর একাডেমির পরিচালক ছিলেন। তিনি তিন সন্তানের জনক।