
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী কমিটির এক নেতার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে হামলাকারী ও স্থানীয়দের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে কাকরকান্দি বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাকরকান্দি বাজারে এ ঘটনার সূত্রপাত ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাকরকান্দি বাজারের বিশগিরিপাড়া এলাকার মাদকবিরোধী কমিটির সদস্য আব্দুর রাজ্জাকের ওপর চিহ্নিত মাদক কারবারি বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক সাদেক আলীর বাবা আমিরুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে মাদকবিরোধী কমিটির সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ ঘটনায় কাকরকান্দি বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদেক এর বাবা আমিরুল ইসলামকে আটক করা হয়। বর্তমানে বাজারের পরিস্থিতি শান্ত রয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।