
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা প্রশাসন ও নকলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) ২০২৬–২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার পাঠাকাটা ইউনিয়নের সদ্য পুনঃখনন করা একটি খালে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহাম্মেদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম, নকলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ প্রমুখ।
এসময় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় ভূমিকা রাখবে। পাশাপাশি নদী, খাল-বিলসহ বিভিন্ন জলাশয়কে মাছের নিরাপদ প্রজনন ও বিচরণক্ষেত্র হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।