
নকলা, শেরপুর: শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে তিনি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় তিনি হাসপাতালের ল্যাবরেটরি, স্টোর রুম, নবজাতকের এনআইসিইউ, প্যাথলজি বিভাগ এবং মহিলা ও পুরুষ ওয়ার্ড ঘুরে দেখেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক আলহাজ্ব মো. খোরশেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ঠরা, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে হাসপাতালের সার্বিক কার্যক্রমে কোনো ধরনের সমস্যা, ঘাটতি বা রোগীদের সেবাপ্রাপ্তিতে কোনো অসুবিধা রয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি জুলাই যোদ্ধাদের আর্থিক সহযোগিতা প্রদান করেন। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য অসহায় রোগীদেরও ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা করেন।
পরিদর্শনকালে এমপি ফাহিম চৌধুরী রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাসপাতালের সেবার মান আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
জনসাধারণের পাশে থাকা, রোগীদের সেবার মান নিশ্চিত করা এবং অসহায় মানুষের কষ্টে সহমর্মী হওয়াকে জনসেবার অন্যতম অঙ্গীকার হিসেবে তুলে ধরেন তিনি।