
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ এবং আলোকিত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কামাল, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, রাজনীতিবিদ আব্দুল বাতেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত এবং জ্ঞানভিত্তিক, মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষকদের মর্যাদা ও অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।