
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পাশের পুকুর থেকে মোছা. মাসতুরা (৪) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে নিখোঁজ হওয়ার পর স্বজনেরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বুধবার (৭ অক্টোবর) সকালে পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন তা উদ্ধার করেন।
উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম ধুরাইল এলাকায় এ ঘটনা ঘটে। মাসতুরা ওই এলাকার আবু সাইদের মেয়ে। সে তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল চারটার দিকে আসরের নামাজের পর বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় মাসতুরা। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার পরও তার কোনো সন্ধান না পাওয়ায় স্বজনদের উদ্বেগ বাড়তে থাকে। রাতেও বিভিন্ন স্থানে খোঁজ চালানো হলেও শিশুটির সন্ধান মেলেনি।
আজ সকালে স্থানীয় কয়েকজন বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পশ্চিম ধুরাইল এলাকাতেও শোকের আবহ তৈরি হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।