
শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পুরিয়া হেরোইনসহ রেজাউল করিম (৫৪) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার ৬ নম্বর শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য।
গ্রেপ্তার রেজাউল করিম উপজেলার মামদামারী গ্রামের মৃত মুস্তাফিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার (২৫ অক্টোবর) রাতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে এসআই মুরশেদ আলমসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় বড়শহর এলাকার সাতানি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাকা সড়ক থেকে ১০ পুরিয়া হেরোইনসহ রেজাউল করিমকে আটক করা হয়।
এ ঘটনায় রোববার গভীর রাতে পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সোমবার বিকেলে জানান, রেজাউল করিমের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগেও তিনি তাঁর স্ত্রীসহ মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে জানান ওসি।
পুলিশ জানায়, সোমবার দুপুরে গ্রেপ্তার রেজাউল করিমকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।