
বিনোদন ডেস্ক: ছোট পর্দা ও ওটিটির জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে নিয়ে বড় পর্দায় নতুন সিনেমা আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সব জল্পনাকল্পনা পেছনে ফেলে সামনে এসেছে নতুন খবর। পরিচালক ভিকি জাহেদের প্রথম চলচ্চিত্র ‘খলনায়ক’-এ অতিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।
সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, কলকাতায় চুপিসারে এই ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেত্রী। মুক্তির আগে তার উপস্থিতি দর্শকদের জন্য চমক হিসেবে রাখতে চান নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ কারণে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে নারাজ তারা।
এটি হতে যাচ্ছে মেহজাবীনের ক্যারিয়ারের তৃতীয় সিনেমা। এর আগে ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।
চলতি মাসের শুরুতে প্রযোজক শাহরিয়ার শাকিলের একটি ফেসবুক পোস্ট ঘিরে গুঞ্জন শুরু হয়। নিশো ও মেহজাবীনের সঙ্গে ওই ছবি প্রকাশের পর শোনা যায়, ভিকি জাহেদের পরিচালনায় ‘পুলসিরাত’ নামের সিনেমায় প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন তারা। তবে নতুন এই খবরের পর প্রশ্ন উঠেছে, তবে কি পিছিয়ে গেল ‘পুলসিরাত’?
এ বিষয়ে নির্মাতা ভিকি জাহেদ জানিয়েছেন, চুক্তির বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে অনেক কিছু আনুষ্ঠানিকভাবে বলা সম্ভব নয়।
শুরু থেকেই ‘খলনায়ক’ সিনেমাটি নিয়ে কড়া গোপনীয়তা বজায় রেখেছেন নির্মাতা। ছবির গল্প ও অভিনয়শিল্পীদের চরিত্র সম্পর্কেও বিস্তারিত কিছু জানানো হয়নি। ঢাকা ও কলকাতায় সিনেমাটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে।
আফরান নিশো ও তমা মির্জা অভিনীত এই সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার এবং কলকাতার প্রিয়াংকা সরকার।
চলতি বছরের শেষদিকে ছবিটি মুক্তির পরিকল্পনা করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। তবে চলতি বছরে এর মুক্তি নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের পবিত্র ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘খলনায়ক’।