
শেরপুর: শেরপুর সদরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুয়েল মিয়া (৪১) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের শেরপুর সদর উপজেলার জোড়া পাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল মিয়া নকলার বারমাইসা খিচা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে প্রবাসী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে শেরপুরগামী শেরপুর চেম্বার্স অব কমার্সের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জুয়েল মিয়ার মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন নকলা পৌরসভার হিসাবরক্ষক মোহাম্মদ ফেরদৌসুর রহমান (৫০), হিসাব সহকারী আলমগীর হোসেন (৩২), শফিকুল ইসলাম (৪৫) ও দুলাল মিয়া (৬০)।
ফেরদৌসুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর হোসেন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শফিকুল ইসলাম ও দুলাল মিয়া শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
জুয়েল মিয়ার চাচাতো ভাই এরশাদ আলী বলেন, তার ভাই প্রায় ১৪ বছর ধরে প্রবাসে থাকেন। তিনি ২০ দিন আগে দেশে আসেন। মঙ্গলবার বিকেলে কাজের জন্য শেরপুরে যান। রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত চারজনের মধ্যে দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ থানায় আনার পর ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।