
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং আমন্ত্রিত সুধীজন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা অনুসরণ করে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ সফলভাবে আয়োজন ও সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকদের মতে, শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এর মাধ্যমে একটি সুস্থ, সক্ষম ও সম্ভাবনাময় প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।