
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কথিত অপতৎপরতার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নালিতাবাড়ী পৌর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মোটরসাইকেল মহড়াটি পৌর শহরের আড়াইআনি বাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
পরে উপজেলা পরিষদের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী পৌর জামায়াতের আমির হেলাল উদ্দিন। সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি ও দল মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শেরপুর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং দল মনোনীত মেয়র প্রার্থী শাহাদাৎ হোসেন বিএসসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন ও উপজেলা সেক্রেটারি আরিফ রাব্বানী।
বক্তারা অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সহযোগীরা দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, দেশে ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কথিত অপতৎপরতা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সমাবেশে বক্তারা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার শেষে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিও জানান তারা।
কর্মসূচিতে নালিতাবাড়ী উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী, দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।