1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ’ ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শুরুর ১০ মিনিট আগে কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত দেশের অন্যতম মাদক সম্রাজ্য টঙ্গীর মাজার বস্তি গোপালগঞ্জে এমপির গাড়িবহরে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতার মৃত্যু, আহত শতাধিক স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি মাইক্রোসফট ব্যবহারে বিভ্রাট, বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তি কোচপল্লীর খোঁজখবর নিলেন জেলা প্রশাসক, নগদ সহায়তা ও সাবলম্বী করার ঘোষণা ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার

মাইক্রোসফট ব্যবহারে বিভ্রাট, বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

প্রযুক্তি ডেস্ক: বিশ্বজুড়ে ধরে বড় ধরনের কারিগরি বিপর্যয়ের মুখে পড়েছে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের জনপ্রিয় সেবা আউটলুক ও টিমস। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হওয়া এই সার্ভার জটিলতায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অসংখ্য সরকারি দপ্তর এবং করপোরেট প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

মাইক্রোসফট তাদের সর্বশেষ হালনাগাদ তথ্যে স্বীকার করেছে যে সেবা স্বাভাবিক করার প্রচেষ্টা প্রত্যাশা অনুযায়ী অগ্রসর হচ্ছে না। প্রতিষ্ঠানটি জানায়, দীর্ঘস্থায়ী ট্রাফিক ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতার কারণে সার্ভারের সক্ষমতা বাড়াতে তারা বিকল্প কর্মপন্থা ও রুট খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর তথ্যানুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টার দিকে বিপর্যয় যখন চরমে পৌঁছায়, তখন কেবল যুক্তরাষ্ট্রেই আউটলুক ব্যবহারে সমস্যার ১ লাখ ৩০ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে। রাত সাড়ে ৯টার দিকেও সেখানে ২৫ হাজারের বেশি অভিযোগ সক্রিয় ছিল। এ ছাড়া শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে ভারত, অস্ট্রেলিয়া এবং জাপানসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতেও মাইক্রোসফটের একাধিক সেবা অচল হয়ে পড়ার তথ্য নথিভুক্ত হয়।

একটি ‘সার্ভিস হেলথ নোটিশে’ মাইক্রোসফট স্পষ্ট করেছে, মাইক্রোসফট ৩৬৫-এর যেসব ফিচার সরাসরি ‘এক্সচেঞ্জ অনলাইন’ এবং ই-মেইলের ওপর নির্ভরশীল, সেগুলোই মূলত এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এক্সচেঞ্জ অনলাইনের বাইরে থাকা অন্যান্য সেবাগুলো সচল রয়েছে। উল্লেখ্য, এক্সচেঞ্জ অনলাইন হলো প্রতিষ্ঠানটির ক্লাউডভিত্তিক মেসেজিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ই-মেইল, ক্যালেন্ডার, কন্টাক্ট ও দৈনন্দিন কাজের সমন্বয় করা হয়।

এ ঘটনায় কোনো সাইবার হামলার আশঙ্কা নাকচ করে দিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র ও সাইবার নিরাপত্তামন্ত্রী টনি বার্ক। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মাইক্রোসফটের ধারণা অনুযায়ী এটি কোনো হ্যাকিং বা সাইবার আক্রমণ নয়; বরং ২০২৪ সালে ‘ক্রাউডস্ট্রাইক’ সফটওয়্যার আপডেটের ত্রুটির কারণে বিশ্বজুড়ে যে নজিরবিহীন ইন্টারনেট বিপর্যয় ঘটেছিল, অনেকটা সে ধরনের কোনো কারিগরি ত্রুটি থেকে এ সমস্যার সৃষ্টি হয়েছে।

মন্ত্রী আরও জানান, এই বিপর্যয়ের মূল আঘাতটি এসেছে ই-মেইল সিস্টেমের ওপর। অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা এবং ফেডারেল পুলিশসহ দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থাগুলোও শুক্রবারের এই বিভ্রাটের কবলে পড়েছে। একইভাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) জানিয়েছে, এ বিভ্রাটে তাদের ব্যবহারকারীরাও ভুক্তভোগী হয়েছেন এবং সংসদীয় প্রকৌশলীরা সমস্যা সমাধানে মাইক্রোসফটের সঙ্গে কাজ করছেন।

এর আগে দিনের শুরুতে মাইক্রোসফট জানিয়েছিল, আকস্মিকভাবে বেশ কিছু সার্ভার অকার্যকর হয়ে পড়ায় এ সংকট তৈরি হয়েছে; এর পেছনে অতিরিক্ত ট্রাফিকের কোনো ভূমিকা নেই। সন্ধ্যা ৬টার দিকে প্রতিষ্ঠানটি জানায়, পুনরুদ্ধারকৃত সার্ভারগুলো স্থিতিশীল রয়েছে এবং ব্যবহারকারীরা পুনরায় সংযুক্ত হতে শুরু করায় ধাপে ধাপে সেবার মান ফিরে আসছে।

মাইক্রোসফটের এই বিভ্রাটের ধাক্কা লেগেছে বিশ্বের অন্যান্য শীর্ষ প্রযুক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, তাদের ‘মাইক্রোসফট কানেক্টর’-এ ত্রুটি দেখা দেওয়ায় নতুন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং টুলগুলো ঠিকমতো কাজ করছে না। আরেক এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও জানিয়েছে, আপস্ট্রিম প্রোভাইডারের সমস্যার কারণে তাদের মাইক্রোসফট ৩৬৫ কানেক্টর সেবা বিঘ্নিত হচ্ছে।

এ ছাড়া বৈদ্যুতিক ট্রাক নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্কহর্স গ্রুপ ১২ নভেম্বর তাদের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশের কথা থাকলেও মাইক্রোসফটের এই বৈশ্বিক বিভ্রাটের কারণে কার্যক্রম ব্যাহত হওয়ায় তা পিছিয়ে আগামী ১৬ নভেম্বর পুনর্নির্ধারণ করেছে। উল্লেখ্য, এর আগে গত মাসেও মাইক্রোসফটের ‘অ্যাজুর’ ক্লাউড প্ল্যাটফর্মে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল, যা বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির সফটওয়্যার ও বিভিন্ন শিল্প খাতকে বিপাকে ফেলেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com