
বাংলার কাগজ ডেস্ক: দেশের বুকে যেন এক অন্য রাজ্য! আইন-কানুন বা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বছরের পর বছর ধরে রমরমা মাদক ব্যবসা চলছে গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে। রাজউকের জায়গা অবৈধ দখলে নিয়ে গড়ে ওঠা এই বস্তি এখন দেশের অন্যতম বড় মাদকের পাইকারি বাজার। দফায় দফায় পুলিশের অভিযান, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা-কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই মাদক সাম্রাজ্যকে।
সম্প্রতি টঙ্গীর মাজার বস্তি নিয়ে সংবাদ সংগ্রহে গেলে তিন সাংবাদিককে আটকে রেখে বেধড়ক পেটানোর পর হাতে টাকা ধরিয়ে ভিডিও করে মাদক কারবারিরা।
ভুক্তভোগী সাংবাদিক রবিউল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে আমরা তিনজন একত্রে এই এলাকার মাদকের সাম্রাজ্য নিয়ে সংবাদ সংগ্রহে আসি। বস্তিতে প্রবেশের শুরু থেকে আমাদের ফলো করা হয়। পরে আমাদের আটকে ব্যাপক মারধর এবং মোবাইল ছিনিয়ে নিয়ে সবকিছু ডিলিট করা হয়। এরপর আমাদের সামনে মাদক রেখে ছবি তুলতে বাধ্য করা হয়। এ ঘটনার পর আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ ঘটনার কিছুদিন আগেই স্থানীয় সাংবাদিক মহিউদ্দিন রিপনকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে নির্যাতন চালায় মাদক কারবারিরা। অপরাধী শনাক্ত হওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখনও তারা ধরাছোঁয়ার বাইরে।
ভুক্তভোগী সাংবাদিক মহিউদ্দিন রিপন বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে তারা এই হামলা চালায়। দীর্ঘদিন ধরে তারা আমাকে হুমকি দিয়ে আসছিল। মাদকের বিরুদ্ধে কথা বলার কারণেই আমাকে সেদিন তুলে নিয়ে ভয়াবহ নির্যাতন চালায়। পরে তাদের শনাক্ত করা হয়, কিন্তু পুলিশ এখনও তাদের গ্রেফতার করতে পারেনি।’
শুধু সাংবাদিকই নয়, অভিযানে গেলে এর আগে কয়েক দফায় পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে মাজার বস্তিতে। পুলিশ অবশ্য এমন ঘটনার জন্য জনবল ঘাটতি আর সমন্বয়হীনতাকেই দায়ী করছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, ‘গেল কয়েক মাসে এই এলাকায় অভিযান চালিয়ে অসংখ্য মাদক কারবারিকে গ্রেফতার করেছি। কিন্তু কয়েক দিনের মধ্যেই তারা আবারও ছাড়া পেয়ে একই অপরাধে জড়িয়ে পড়ছে। তা ছাড়া আমাদের জনবল ঘাটতিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি জেনেছি, শিগগিরই আসামিদের ধরতে আবারও অভিযানে নামব আমরা।’
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে মাদক নিয়ে আবার এই পথ ধরে চলে যায়। পাশেই তুরাগ নদ আর রেলপথ থাকায় বিকল্প যোগাযোগব্যবস্থাও সহজ। এসব নিয়ে সংবাদ প্রকাশও এখন নিরাপত্তা ঝুঁকির বড় কারণ।
সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছি। মাজার বস্তিটি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নেই। কিছুদিন আগে পুলিশের বেশ কিছু অভিযানে অপরাধীরা সরে গিয়েছিল, কিন্তু আবারও তাদের নিয়ন্ত্রণ চলে এসেছে বস্তির ওপর। দ্রুত সময়ের মধ্যে যৌথ টিম গঠন করে অভিযান এবং তাদের উচ্ছেদের পাশাপাশি বস্তিতে পুলিশের ক্যাম্প স্থাপনের দাবি জানাচ্ছি।’
মাদকের পাশাপাশি নগরীর ছিনতাই, খুনসহ নানা অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল এই মাজার বস্তি। সম্প্রতি নামমাত্র অভিযানে এই বস্তি উচ্ছেদে এলেও অজানা কারণে পিছু হটেছে রাজউকও।
একদিকে প্রশাসন বলছে মাদক নির্মূলে তাদের জিরো টলারেন্স নীতির কথা, অন্যদিকে নিয়মনীতি আর আইনের তোয়াক্কা না করেই প্রকাশ্যে চলছে এই মাদকের রমরমা ব্যবসা।