
নকলা, শেরপুর: প্রখ্যাত বংশী বাদক ও সংগীত শিল্পী প্রয়াত বারী সিদ্দিকীর নামে প্রবর্তিত ‘বারী সিদ্দিকী পদক’ অর্জন করেছেন বাংলাদেশ বুলেটিন, যায়যায়দিন পত্রিকার সিনিয়র সাব এডিটর ও ‘প্রেসক্লাব নকলা’র সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ রাকিব।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত স্মরণ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেওয়া হয়। প্রয়াত এই শিল্পীর ৭২তম জন্মদিন উপলক্ষে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ অনুষ্ঠানটির আয়োজন করে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ফিরোজ হায়দার খান।
এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মাসুম বিল্লাহ রাকিব বলেন, ‘পুরস্কার প্রাপ্তি বরাবরই গর্ব ও সম্মানের। সাংবাদিক হিসেবে এ পুরস্কার পেয়ে আমি আনন্দিত। আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে এই প্রাপ্তি। বারী সিদ্দিকী স্মৃতি পরিষদকে ধন্যবাদ জানাই আমাকে মনোনীত করার জন্য।’
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- শফি মন্ডল, শাহনাজ বেলী, আশরাফ উদস, নোলক বাবু, সালমা, বিউটি, রাজীব, লিটা সরকার, নিশি শ্রাবণী, ইয়াসমিন সুলতানা লায়লা ও প্রিন্স আলমগীরসহ আরো অনেকেই।
এদিকে প্রেসক্লার নকলার সকল সদস্য রাকিবের এই অর্জনকে অভিনন্দন জানিয়েছেন এবং সাংবাদিকদের কাজে আরো উৎসাহ প্রদান করবে। এতে প্রেসক্লার নকলার সকল সদস্য গর্বিত।