
নকলা (শেরপুর) : বিয়ের একমাস না পেরুতেই শারিরিক পরিবর্তন দেখে পরীক্ষা-নীরিক্ষার পর জানা গেল নববধূ তিন মাসের অন্তঃসত্ত্বা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শেরপুরের নকলা উপজেলার নামা কৈয়াকুড়ি গ্রামে।
পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর উপজেলার নামা কৈয়াকুড়ি গ্রামের জনৈক ফজল হোসেনের ছেলে জাকিরুল একই উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বহুর্দী গ্রামের এক যুবতীকে পারিবারিকভাবে বিয়ে করে। বিয়ের পর নববধূর শারিরিক পরিবর্ত দেখে সন্দেহ হলে শ্বশুর বাড়ির লোকজন নববধূকে স্থানীয় ক্লিনিকে পরীক্ষা করান। পরীক্ষার পর জানানো হয়, নববধূ ৩ মাসের অন্তঃসত্ত্বা।
এ নিয়ে শ্বশুর বাড়িতে তোলপাড় শুরু হলে অন্তঃসত্ত্বা ওই নববধূ জানায়, চলতি বছরে গেল জুলাইয়ে তারই প্রতিবেশি ৪ সন্তানের জনক শফিকুল ইসলাম (৫০) বিয়ের প্রলোভনে ফেলে একাধিকবার তার সাথে মেলামেশা করে। পরবর্তীতে বিয়ের কথা বললে ভয়ভীতি দেখায়। ফলে বিষয়টি গোপন রেখেই গত ১৯ অক্টোবর তার বিয়ে হয়।
এদিকে এ ঘটনায় অভিযুক্ত শফিকুলকে আসামী করে নকলা থানায় ওই নববধূর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।